গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১৬ ঘণ্টা
জ্বালানি সংকটের কারণে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। সারা দেশে তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ে জনজীবন তাই বিপর্যস্ত। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ।
এতে শিল্পের উৎপাদন ব্যাহত হওয়াসহ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘœ ঘটছে।
ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বেশ কয়েক দিন ধরেই গ্রামাঞ্চলে দিনে-রাতে গড়ে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, ভাসমান দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে এক মাসেরও বেশি ধরে বন্ধ। এতে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ কমে গেছে।
জ্বালানি সংকটের কারণে সরকার চাইলেই বাড়তি বিদ্যুৎ উৎপাদনে যেতে পারছে না। এখন ঘাটতি বিদ্যুতের পুরোটাই দেশের গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাধ্যমে পূরণ করা হচ্ছে। তবে দেশজুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা কিছুটা কম বলে ঘাটতিটা ব্যাপক আকারে বোঝা যাচ্ছে না।
জানতে চাইলে বিপিডিবির সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আদানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সামগ্রিক বিদ্যুৎ সরবরাহে কিছুটা প্রভাব পড়েছে।
তবে বৃষ্টিতে আবহাওয়া ঠা-া থাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় আছে। তার পরও কিছু ঘাটতি থাকায় বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে। কয়েক দিনের মধ্যেই আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এখনকার সংকট সাময়িক। আশা করছি কিছুদিন পর সমস্যা থাকবে না।’
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুর ১টার দিকে লোডশেডিং হয়েছে ৬৫৩ মেগাওয়াট। তখন ১৩ হাজার ২৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয় ১২ হাজার ৫৬৬ মেগাওয়াট। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রবিবার বৃষ্টির কারণে চাহিদা অনেকটাই কম থাকলেও দিনের বেলা বিদ্যুতের চাহিদা ও সরবরাহে এক হাজার থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি ছিল।
দেশের প্রায় ৮০ শতাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এই প্রতিষ্ঠানের বিতরণ এলাকায়ই এখন সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে। আরইবির জোনভিত্তিক লোডশেডিং তথ্যে দেখা গেছে, গতকাল বিকেল ৩টার দিকে এই বিতরণ কম্পানিকে ৬৮১ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।
বরিশালের সবচেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠান বিসিক শিল্পনগরীর ফরচুন কম্পানিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা চাহিদার ৬০ শতাংশ বিদ্যুৎ পাচ্ছি না। ফলে আগে যে পণ্য উৎপাদন করতাম তার অর্ধেকও উৎপাদন করা সম্ভব হচ্ছে না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।