গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার দুধ দিচ্ছে গরু!
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে তিন বছর বয়সী একটি বকনা গরু গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার করে দুধ দিচ্ছে। আর সেই দুধ নিয়মিত খাচ্ছে গরুর মালিকের পরিবার।
এমন অস্বাভাবিক ঘটনা এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে। এই দৃশ্য দেখতে প্রতিদিন সকালে গরুর মালিক বিলাল কবিরাজের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন।
বিলাল কবিরাজের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে স্থানীয় হাট থেকে দেশি জাতের বকনা বাছুরটি কিনে নিয়ে আসেন। বাছুরটি এখনো গর্ভধারণ করেনি। হঠাৎ লক্ষ্য করা যায় ওলানের বাট ফুলে গেছে। পরে বাট টেনে দেখা যায় দুধ বের হচ্ছে।
গরুর মালিক বলেন, প্রথম দিকে অল্প পরিমাণে দুধ পাওয়া গেলেও বর্তমানে নিয়মিত দুই লিটার করে দুধ পাচ্ছি। এই দুধ আমরা বিক্রি করি না, নিজেরাই খাই। তবে প্রতিবেশীরা মাঝে মধ্যে শখ করে একটু-আধটু দুধ নিয়ে খান।
তিনি বলেন,‘আমি একযুগ ধরে গরু লালন-পালন করছি। সবসময় একটা দুইটা গরু আমার পালে থাকে। তবে এমন গরু কখনো দেখেনি।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হরমোনাল ইমব্যালেন্সের কারণে বকনা অবস্থায়ই দুধ আসা শুরু হয়েছে। মূলত গরুটির শরীরে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে এই দুধ খেতে সমস্যা নেই। স্বাভাবিকভাবেই মানুষ খেতে পারবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।