গণমাধ্যম এখন পুরো স্বাধীন, অপরাধ করলে আমার বিরুদ্ধেও লিখবেন-মিনু
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, গণমাধ্যম এখন পুরো স্বাধীন, অপরাধ করলে আমার বিরুদ্ধেও লিখবেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বেলা ১১টার দিকে নগরের ভদ্রা আবাসিক এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, বাড়িঘর, হাটবাজার, পতিত জায়গাসহ বিভিন্ন জায়গা দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা দখলে আছে। আপনারা জাতির বিবেক। রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম। এখন আর কোনো দালালি সংবাদপত্র নেই। গণমাধ্যম এখন পুরো স্বাধীন। আমি যদি কোনো অপরাধ করি, আমার বিরুদ্ধেও আপনারা লিখবেন। সমস্ত বিষয় আপনারা মিডিয়াতে আনবেন। তাহলে জনগণ সচেতন হবে। খারাপ মানুষগুলো কিছু করতে সাহস পাবে না।
দলের সর্বোচ্চ নেতার আদেশে আদিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করছেন বলে দাবি করেন মিজানুর রহমান। তিনি বলেন, আমাদের নেতা-কর্মীরা যদি কোনো অপকর্ম করে, ভূমি দখল, প্রতিষ্ঠানে হামলা, হামলা-ভাঙচুর, প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআইসহ গোয়েন্দাদের কাছে আপনারা অভিযোগ দেবেন। অনেকেই দুষ্কৃতকারী। দলের পাশে থেকে এ ধরনের অনেক কর্মকা-ের সঙ্গে জড়িত।
মিজানুর রহমান আরও বলেন, তিন দফা মেয়র ছিলাম, একবার এমপি ছিলাম। এই শহর আমার না। আমার, আমি- এগুলো হচ্ছে অহমিকার কথা। এই শহর আমাদের সবার। সবাই মিলে শান্তির শহর গড়ে তুলেছিলাম। সবাই নিরাপদে ছিল। কিন্তু গত কয়েক বছরে তা নষ্ট করে ফেলা হয়েছে। আমি আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই যারা ভাঙচুর, লুটপাট, ভূমিদস্যুতা করেছে, হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আইনের শাসনের মাধ্যমেই তাদের বিচার হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।