গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কখনো যেন হাল না ছাড়ি, বুকে বল নিয়ে চলি।’
তিনি বলেন, আমার ঘর যদি নিজে সামলাতে না পারি, কেউ এসে সামলে দিবে না। নিজেদের শক্তি নিয়ে এদের পরাজিত করতে হবে। উৎখাত করব কেন? ভোটের মধ্য দিয়ে এদের পরাজিত করব, যদি সুষ্ঠু নির্বাচন হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে। এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত ১৫ বছরে যে অপকর্ম করেছে সেই ভয়েই তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না।
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ছেন এমন তথ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘এখানে কেস দেখানো হয়েছে, গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির দায়ে। সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল প্রতিষ্ঠান ব্যবহার করেছে। এমনকি সংবাদিকদের লেখার ও মত প্রকাশের স্বাধীনতা নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।