খাগড়াছড়িতে নিহত ৩, ১৩ সেনা ও ৩ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সহিংসতা ও দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে খাগড়াছড়ি থেকে সংবাদদাতারা জানিয়েছেন, জেলার গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি অফিস, দোকান ও বসতঘরে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়েছে। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অবরোধকারী পাহাড়ি উপজাতিরা রামসু বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন। এতে সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বেশ কিছু অফিস, দোকান, বসতঘর, মোটরসাইকেল পুড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। রামসু বাজারের আশপাশের এলাকায়ও সংঘর্ষ হয়েছে বলে জানান স্থানীয়রা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।