কেনার কথা ছিল লাশবাহী গাড়ি, কেনা হলো মাইক্রোবাস
হাসপাতালে ব্যবহারের জন্য প্রকল্পের আওতায় একটি লাশবাহী গাড়ি কেনার অনুমোদন দেয় একনেক। প্রকল্পটি অনুমোদনের সময় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) স্পষ্টভাবে নির্দেশনা ছিল লাশ পরিবহনের জন্য একটি গাড়ি কিনতে হবে। অথচ বাস্তবে দেখা যায়, কেনা হয়েছে একটি মাইক্রোবাস। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে।
‘গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ প্রকল্পের আওতায় এমনটি ঘটেছে। আইএমইডির পরিচালক খলিল আহমেদ চলমান প্রকল্প যাচাইয়ে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সরেজমিনে পরিদর্শন করেন।
আইএমইডি জানায়, ডিপিপি যেভাবে অনুমোদন করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করতে হবে। লাশবাহী গাড়ির জায়গায় মাইক্রোবাস কেনা যায় না। বিষয়টির নিষ্পত্তি প্রয়োজন। সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও সংশোধন নির্দেশিকা জুন ২০২২ এর অনুচ্ছেদ ৪.১.৪ এর বিধান মোতাবেক পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল দেওয়া যাবে না। ক্রয়কারী কর্তৃপক্ষকে বিষয়টি সুরাহা করার পরামর্শ দিয়েছে আইএমইডি।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মহিউদ্দিন বলেন, ডিপিপিবহির্ভূত কোনো কাজ বাস্তবায়ন করতে হলে ডিপিপি সংশোধন করতে হবে। ডিপিপিতে নির্দেশনা লাশবাহী গাড়ি কিনতে হবে, এখানে মাইক্রোবাস কেনার সুযোগ নেই। তাই আমাদের সুপারিশ সংশ্লিষ্টদের পাঠিয়েছি। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে আইএমইডিকে অবহিত করতে বলা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।