কর্মীর তুলনায় মাথাপিছু রেমিট্যান্স কম -মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, কর্মীর দক্ষতার দিকে আমাদের বিশেষ নজর দেওয়া দরকার। আমরা অনেক লোক পাঠাচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের মাথাপিছু রেমিট্যান্স খুবই কম। অনেক দেশ কম লোক পাঠিয়ে এর চেয়ে বেশি রেমিট্যান্স নিতে পারে। আমরা কেন পারছি না, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলবো- এদিকে একটু অগ্রাধিকার দিয়ে এখানে কিছু এনগেজমেন্ট বাড়ানোর জন্য। তাতে রাতারাতি কোনও পরিবর্তন না হলেও ওই পথে যেন আমাদের যাত্রা শুরু হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, সরকারের তরফ থেকে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো প্রচারের বিষয়ে আরও বেশি উদ্যোগ নিতে হবে। প্রবাসী কর্মীরা যে রেমিট্যান্স পাঠান, সেটা যেন বৈধ পথে পাঠান। সেক্ষেত্রে তারা কী কী সুযোগসুবিধা পাবেন, কিংবা পাচ্ছেন- সেগুলো ব্যাপক প্রচার করা দরকার। শুধু প্রচার না, সেখানে যদি আমাদের প্রাতিষ্ঠানিক কোনও দুর্বলতা থাকে, সেগুলো বের করে আমাদের অ্যাড্রেস করা দরকার।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব গন্তব্যে কর্মীরা সচারচর যায়, আমাদের কিন্তু নতুন নতুন গন্তব্য তৈরি হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। সুতরাং, তাদের অর্থনীতির প্রয়োজনে জনসংখ্যার একটা সম্পর্ক আছে। সেই জনসংখ্যার ভারসম্য তৈরি করার জন্য বাইরে থেকে লোক নেয়। আমরা শুধু কর্মী না পাঠিয়ে, শুধু মধ্যপ্রাচ্যকে টার্গেট না করে, যদি ইউরোপ কিংবা পাশ্চাত্যের দিকে নজর দেই, সেখানে যাতে আমরা আরও বেশি লোক পাঠাতে পারি- সেদিকে আমাদের বিশেষ নজর দেওয়া জরুরি। যতদ্রুত সম্ভব আমাদের এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। কিছু কিছু দেশের লোক খুব বেশি যায়, তারা যেতে পারলে আমরা কেন পারছি না, সেটাও খতিয়ে দেখা উচিত।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।