কমলাপুর স্টেশনে স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠছেন যাত্রীরা
সাধারণত ঈদ এলেই ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উপচে পড়া ভিড় থাকে। ট্রেনে উঠতে খুব বেগ পোহাতে হয় যাত্রীদের। রীতিমতো যুদ্ধ করে ট্রেনে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ে নিজের সিট পর্যন্তও পৌঁছাতে পারেন না অনেকে।
তবে, এবারের ঈদযাত্রায় এই রেল স্টেশনের চিত্র পুরোপুরি ভিন্ন। অন্যান্য ঈদে যে পরিমাণ ভিড় থাকে এবং যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়, এবার তার অনেকটাই কম। ফলে স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা। এতে বেশ স্বস্তি প্রকাশ করেছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্ম এলাকায় যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে ঢাকা স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অবাঞ্ছিত কোনো মানুষকে দেখা যায়নি। এতে স্টেশনের প্লাটফর্ম এলাকার পরিবেশ অনেকটাই ভালো।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী গোলাম সারওয়ার বলেন, কয়েক বছর আগে পরিবার নিয়ে ভ্রমণ করতে খুব কষ্ট হতো। প্লাটফর্ম এলাকায় হাজার হাজার মানুষের ভিড় থাকত, ট্রেনে নিজের সিট পর্যন্ত যাওয়া যেত না। গত দুই বছর এই ভোগান্তি লাঘব হয়েছে। টিকিট সংগ্রহ করতে অনেক কষ্ট হলেও অন্তত নিজের আসনে যেতে না পারার দুঃখটা লাঘব হয়েছে। আসলে স্টেশন এরিয়া এমনই থাকা উচিত। বাইরের কোনো মানুষ থাকবে না, টিকিটসহ যাত্রী ছাড়া।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।