এনসিপি’র নতুন কমিটিকে ‘প্রক্সি জামাত পার্টি’ বললে ভুল হবে না
জামাতের অনুমোদনে এনসিপি নতুন কমিটি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জামাত যাদের চায়নি তারা ভালো পদে আসতে পারেননি এনসিপিতে।
তার ভাষ্য, দলটিকে এখন ‘প্রক্সি জামাত পার্টি’ বললেও ভুল হবে না।
জুমুয়াবার এক পোস্টে এমন অভিযোগ করেন রাশেদ খান। এর আগে দুপুরে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করেছে এনসিপি।
পোস্টে রাশেদ খান বলেন, ‘অনেক আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি হয়েছে।
যারা সারাদিন গণতন্ত্রের বুলি আউড়ায় ও বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, তারা একটি কাউন্সিল পর্যন্ত করে কমিটি দিতে পারল না। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে?’
এর মাধ্যমে এনসিপির সাংগঠনিক দুর্বলতার ও নেতৃত্ব কুক্ষিগত করার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ রাশেদ খানের।
রাশেদ খান বলেন, ‘যতটুকু তথ্য পেয়েছি, জামাতের অনুমোদনে এনসিপির এই নতুন কমিটি হয়েছে। অর্থাৎ জামাত যাদেরকে গুরুত্বপূর্ণ পদে চায়নি, কমিটিতে তাদেরকে অগুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে।
বিশেষ করে এনসিপির মধ্যে যারা স্বতন্ত্র রাজনীতির স্বপ্ন দেখে কিংবা জামায়াতবিরোধী, কমিটিতে তাদের পদাবনতি হয়েছে।’
এ ছাড়া ছাগলচোর, ল্যাপটপ চোর, নারী ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং জুলাই গণ-অভ্যুত্থানে বিতর্কিত ব্যক্তিদের এনসিপির নতুন কমিটির শীর্ষে পদে আসীন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।
এনসিপির নতুন কমিটি জামাতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে এমন অভিযোগ রয়েছে বলে দাবি করেন রাশেদ। বলেন, ‘এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দুই বারের বেশি কেউ সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন না। দেখা যাক, নাহিদ ও আখতারের এই মেয়াদই শেষ মেয়াদ হয় কি না।
নাকি নতুন বন্দোবস্তের নামে নতুন ভ-বস্তের পথেই এগোবে এনসিপি।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।