এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করেছে -মান্না
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারে যারা আছেন তারা ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নন। গত চার মাস চার দিনে দেশে উল্লেখযোগ্য তেমন কোনও পরিবর্তন হয়নি। উল্টো এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ঊর্ধ্বমুখী বাজারে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন গত চার মাসে কেন এখনও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা গেলো না? ৫ আগস্টের পরও এখনও পুলিশ বাহিনী ও প্রশাসন ঠিক হয়নি। জুলাই আন্দোলনে যারা দেখে দেখে ছাত্র-জনতার ওপর গুলি করলো, সেই পুলিশ সদস্যরা এখনও বহাল তবিয়তে রয়েছেন।
তিনি বলেন, ভালো একটি নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন ভালো একটি পুলিশবাহিনী, আমলাতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। আমরা বলছি না যে এখনই নির্বাচন দিতে হবে। তবে সংস্কার হোক গণমানুষের কল্যাণের জন্য।
ভারতের সঙ্গে কূটনেতিক সম্পর্ক প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে বন্ধুত্বের মতো, তবে প্রভুত্বের সম্পর্ক নয়। দেনা-পাওনার হিসাব কড়ায়-গন্ডায় বুঝিয়ে নেওয়া হবে। এখন সময় এসেছে নিজেদের পাওনা বুঝে নেওয়ার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।