এই বছর পার করা সরকারের জন্য কঠিন হবে -দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আর বেশি দিন নেই। এই বছর পার করাই তাদের জন্য কঠিন হয়ে যাবে।
কারণ, যত বড় শক্তিশালী হোক না কেন, কোনো জুলুমবাজ, ক্ষমতা অপহরণকারীদের দেশের মানুষ কখনো পছন্দ করেনি-মেনে নেয়নি।
গতকাল জুমুয়াবার (২ জুন) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে জিয়া নাগরিক ফোরামে (জিনাফ) ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
শামসুজ্জামান দুদু বলেন, ইয়াহিয়া খান, আইয়ুব খানকে বিতাড়িত করেছে এই দেশের মানুষ। এটা মনে রাখতে হবে। এটা যদি বর্তমান অবৈধ সরকার মনে রাখে, তাহলে সেটি তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো।
তিনি বলেন, তারেক জিয়ার বড় পরিচয় হচ্ছে, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তারেককে দেশের বাইরে প্রবাস জীবনে থাকতে বাধ্য করা হচ্ছে। ১৭ বছর তিনি দেশের বাইরে। এটিই প্রমাণ করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।