আসন নয়, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে -চুন্নু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনও আলোচনা হয়নি বরং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠক হয়।
একান্তে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের মুজিবুল হক চুন্নু বলেন, রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনও আলোচনা হয়নি। শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এককভাবে নির্বাচন করবে।
তিনি বলেন, নির্বাচনে দলীয় সমর্থকসহ আওয়ামী লীগবিরোধী ভোটারদের ভোটা পাওয়ার প্রত্যাশা রাখছে জাতীয় পার্টি। এ ক্ষেত্রে ক্ষমতাসীনদের কোনও প্রার্থী যেন ভয়ভীতি দেখিয়ে ভোটারদের কেন্দ্র আসতে বাধা না দেয়, আওয়ামী লীগের কাছে সেই নিশ্চয়তা চাওয়া হয়েছে বৈঠকে।
এদিকে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনে আসা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের ও জাতীয় পার্টির সঙ্গে বসেছি। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, গুপ্তহত্যা প্রতিহত করাই ছিল বৈঠকগুলোর উদ্দেশ্য।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।