আওয়ামী লীগের সঙ্গী খোঁজার দরকার নেই -ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণই আওয়ামী লীগের সঙ্গী ও বন্ধু। তাই আওয়ামী লীগের কোনো সঙ্গী খোঁজার দরকার নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত রোববার আওয়ামী লীগ ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। দলীয় মনোনয়নের তালিকা অনুযায়ী, শরিকদের অনেকের আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে। তবে দলটি মাত্র দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি। এর ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো জোট থাকবে কি না, সেই প্রশ্ন উঠেছে। এ ছাড়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা ছাড় পেতে পারেন।
এসব বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নতুন নতুন সময়ে নতুন নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হয়। এ সময়ে যে কৌশল দরকার, নেত্রী সে কৌশল ঠিক করেছেন। দলের অবস্থান অনুযায়ী, ভবিষ্যৎ মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং দেন।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সঙ্গী খোঁজার কোনো দরকার নেই। দেশের জনগণই আওয়ামী লীগের সঙ্গী ও বন্ধু।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।