অবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন
জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে ওই ভিক্ষুক পরিবারের জমির ওপর দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন স্থানীয় প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, নুলু, আকবর, নাজির হোসেন ও আলা বকোশ দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখলে রেখেছিলেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সিরাজুল ইসলামের মা ও কুলসুম বেগমের বাবার মৃত্যুর পর নিজ সম্পত্তিতে মরদেহ দাফন করতেও বাধা দিয়েছিলেন প্রভাবশালীরা। এমনকি অমানবিক নির্যাতনের শিকার হয়ে ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবন চালানো মৃত সাবেরুনের মৃত্যুর পরও নিজের জমিতে ঠাঁই মেলেনি। অভিযোগ রয়েছে, পাশেই থাকা তিনটি কবর উচ্ছেদ করে সেখানে বাথরুম ও ঘরবাড়ি নির্মাণ করেছিলেন প্রভাবশালীরা।
আদালতের নথি সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে রেকর্ডে তাদের মায়ের নামে থাকা ওই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী কুলসুম বেগমসহ পাঁচ ভাই-বোন। মা-বাবার মৃত্যুর পর ন্যায্য অংশ বুঝে নিতে বিভিন্ন জায়গায় ঘুরেও প্রতিকার না পেয়ে তারা বাটোয়ারা মামলা দায়ের করেন। পরবর্তীতে সিনিয়র জজ আদালত, মিঠাপুকুর, রংপুরের স্মারক নং ৬১/২০২৫ এবং অন্য ডিং- ০৩/৯৪ ডিগ্রীকৃত মামলার প্রেক্ষিতে জারিকৃত দখলী পরওয়ানা অনুযায়ী প্রশাসন এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।
গত ২৪ নভেম্বর ম্যাজিস্ট্রেট, আদালতের নাজির, সার্ভেয়ার, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ওয়ারিশদের দখল বুঝিয়ে দেয়া হয়।
জমি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী কুলসুম বেগম বলেন, একসময় মাথা গোঁজার ঠাই ছিল না, অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন-রাত অতিবাহিত করতে হতো আমাদের। মায়ের জমি ফিরে পেয়ে আমরা খুশি। প্রভাবশালীরা বলেছিল আমরা কোনোদিন এই জমিতে যেতে পারব না। সরকার আমাদের সঠিক বিচার করেছে। আমাদের মতো এমন যেন আর কারো না হয়। ক্ষমতার দাপটে অন্যের জমি দখল করে কেউ যেন ঘর বাড়ি নির্মাণ করতে না পারে। এজন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
দীর্ঘ আইনি লড়াই শেষে ন্যায্য অধিকার ফিরে পাওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাঁচ উত্তরাধিকারী। তবে তারা মনে করেন, কেবল জমি দখল বুঝিয়ে দিলেই চলবে না, প্রভাবশালীরা যেন তাদের কোনো প্রকার ক্ষতি করতে না পারে, সেজন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা কামনা করেছেন তারা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আদালতের আদেশ সবাইকে মানতে হবে আদালতের বাইরে কাউকে যাওয়ার সুযোগ নেই। আমিও চাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।
রংপুরের মিঠাপুকুর উপজেলার সহকারী ভূমি কমিশনার আশিক জামান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দখলী পরওয়ানা ফেরত দিতে এসেছি সমস্ত প্রস্তুতি শেষ। অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করে বাদীকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা এখানে এসেছি। আদালতের নির্দেশ অমান্য করার সুযোগ আমাদের নেই।
আরও পড়ুন
সব ›
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।