অপহরণ চক্রের হয়ে কাজ করছে গাড়িচালকরা, সতর্কতা ডিবির
অপরাধী চক্রের দ্বারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল অপহরণের ঘটনায় এবার সবাইকে সতর্ক করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, গাড়ি চালকরা অহরণ চক্রের হয়ে কাজ করছে। ব্যক্তিগত গাড়িচালক নিয়োগ করার আগে সতর্ক হতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ডিবি প্রধান বলেন, হাসিবুর রহমান হিমেলকে অপহরণ করে দীর্ঘ একমাস আটকে রেখে নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে কয়েক কোটি টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে আসছিল একটি চক্র। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুনামগঞ্জের তাহিপুরের দুর্গম পাহাড় থেকে উদ্ধার করা হয় হিমেলকে। গ্রেফতার করা হয় অপহরণ চক্রের মূলহোতাসহ ১২ জনকে।
তিনি বলেন, হিমেল অপহরণের ঘটনায় তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ জানতে পারে এ অপহরণের মূল পরিকল্পনায় ছিলেন ব্যক্তিগত গাড়ি চালক সামিদুল। এমনকি বিভিন্ন অপহরণ চক্রের সঙ্গে গাড়ি চালকদের যোগসূত্র খুঁজে পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।
অপহরণের এ ঘটনায় সামিদুলের মাধ্যমে দেখেছি তার মতো বহু চালক এসব অপহরণ চক্র ও সন্ত্রাসীদের কাছে তথ্য দিয়ে থাকে। গাড়ি চালকরা পরিবারের সদস্যদের বিষয় বিভিন্ন তথ্য সরবরাহ করে। এসব তথ্যের কারণেই অনেক ঘটনা ঘটছে। সব তো আর আমাদের কাছে অভিযোগ আসে না। অনেকে টাকা-পয়সা দিয়ে মীমাংসা করে কিন্তু হিমেলের মা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করায় এটা সম্ভব হয়েছে বলেও যোগ করেন হারুন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।