২৪-২৫ জানুয়ারি দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা
আবারও বেড়েছে শীতের তীব্রতা। এই ঠান্ডা পরিস্থিতি আরও একদিন থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান খান।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে- টাঙ্গাইল, মাদারীপুর, নিকলি, রাজশাহী, ইশ্বরদী, বগুড়া, বদলগাছি, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস কিংবা এর কম থাকলে শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। আর ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে, আবার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই, তাই সেখানে ঠান্ডা অব্যাহত থাকবে। পুরো জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথমার্ধ্ব জুড়েই শীত অনুভূত হবে। তবে যেসব অঞ্চলের আকাশে মেঘ চলে আসবে, সেখানে তাপমাত্রা কিছুটা বাড়বে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।