১২৫ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদে হচ্ছে ব্রিজ
ব্রহ্মপুত্র নদের ওপর ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণের কাজ পেলো ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। একই সঙ্গে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের ব্যয় ৩ কোটি ১৮ লাখ বাড়িয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলার পান্ডাপাড়া পাকা সড়ক পয়েস্তিরচর হয়ে মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাড় সড়কে ৪৩০০ মিটার চেইনেজে ব্রহ্মপুত্র নদীর ওপর ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।