১০ হাজার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ হাজার টাকা চেয়ে না পেয়ে আব্দুল কাদের (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করেছে তার ছেলে আরিফ হোসেন (২০)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক। সে নেশা করতো বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ছয় ছেলের মধ্যে সবার ছোট আরিফ প্রায়ই টাকার জন্য তার বাবাকে চাপ দিতো। সম্প্রতি বাবার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে মোবাইল কেনে আরিফ। মাঝেমধ্যে সে নেশাও করতো। গতকাল রাত ৯টার দিকে আরিফ ১০ হাজার টাকার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে। টাকা না দিলে ঘরের আসবাব ভাঙচুর করার হুমকি দেয়।
ওসি বলেন, তাতে ভয়ে আব্দুল কাদের বড় ছেলের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বড় ছেলেকে বিষয়টি জানালে বাবাকে অভয় দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর আব্দুল কাদের ভয়ে আবারও বড় ছেলের বাড়ি যাচ্ছিলো। পথে লুকিয়ে থাকা আরিফ পেছন থেকে বাবার পেটে-পিঠে ছুরিকাঘাত করে। এ সময় আব্দুল কাদের চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক আরিফ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।