১০ সংস্থার রেশনে ভর্তুকি কমাচ্ছে সরকার
বাংলাদেশ পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ প্রাধিকারপ্রাপ্ত ১০টি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাশ্রয়ী মূল্যে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের বিক্রয়মূল্য বাড়ানো হয়েছে। নতুন অর্থবছরে ভর্তুকি কমানোর লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানা গেছে।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে রেশনের চাল ও গমের দাম হবে এই দুটি পণ্যের অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। এই হিসেবে প্রতি কেজি রেশনের চালের দাম হবে পড়বে ১১ টাকা এবং আটার দাম পড়বে ১২ টাকা। বর্তমানে প্রতি কেজি রেশনের চাল ও গমের মূল্য প্রতিষ্ঠানভেদে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকার মধ্যে। অর্থাৎ, আগামী ১ জুলাই থেকে ৮ গুণ দামে এই দুটি পণ্য সংগ্রহ করতে হবে রেশন সুবিধাভোগীদের।
অর্থবিভাগের বাজেট উপসচিব নূরউদ্দিন আল ফারুক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০%। অর্থবিভাগ হতে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।