হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর অতিরিক্ত চাপ
দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ২১ হাজার ৯৬৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২২ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন হলেও সম্প্রতি উত্তর সিটি করপোরেশন এলাকাতেও ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েছে।
ঢাকার হাসপাতালগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানা যায়, গত এক সপ্তাহে শতাধিক রোগী বেড়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। অর্থাৎ দৈনিক ১৮-২০ জন রোগী আসছেন। ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত শতাধিক রোগী চিকিৎসাধীন আছে পাঁচটি হাসপাতালে। এগুলো হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল।
এছাড়া মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮৯ জন রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু চিকিৎসায় আলাদা বেড আছে ঢাকার এমন ১৮টি সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ৮৫২।
ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গুরোগী। ঢাকার বাইরে এক সপ্তাহ আগে ৬১৯ জন রোগী চিকিৎসাধীন থাকলেও বর্তমানে আছেন ১ হাজার ১৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে। সেখানে গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৪৮৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।