হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ‘৭০ ভরি’ স্বর্ণ ছিনতাই
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত জুয়েলারি ব্যবসায়ী সজলকে (৩৭) প্রথমে হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সজল ভাই জানায়, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়ীবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলো। পথিমধ্যে সেকশন বেড়ীবাঁধ এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে ৭-৮ জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বাম পায়ের হাঁটুতে গুলি করে। পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।
তার দাবি, ব্যাগটিতে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, 'আমরা এ ঘটনার অভিযোগ পেয়েছি এবং এখন ঘটনাস্থলেই আছি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।'
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।