হরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুন
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে যাওয়ার সময় চতুর্থ একটি ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত লেগে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বাহিনীটি জানায়, সকাল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো এমন ঘটনা ঘটল।
এর আগে এদিন হরমুজ প্রণালিতে একটি সুপারট্যাংকার ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, জাহাজ দুটি সমুদ্র মাইনে আঘাতের পর এ ঘটনা ঘটে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে প্রেস টিভি জানায়, মাইনে আঘাত লাগার পর জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি জাহাজে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। অন্যটি ছিল এলপিজি বহনকারী জাহাজ।
জাহাজ দুটির নিরাপত্তায় বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও উড়োজাহাজ আকাশে অবস্থান করছিল। তবে হরমুজ প্রণালির জলসীমায় মাইনের কারণে শক্তিশালী বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাহিনীর দাবি, সুপারট্যাংকারটি প্রণালির পশ্চিম অংশে মাইনে আঘাত পায়। অন্যদিকে এলপিজি বহনকারী জাহাজটি জলপথটির অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের সময় মাইনের কবলে পড়ে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করা অননুমোদিত জাহাজগুলো সমুদ্র মাইনের লৌহকঠিন ও অগ্নিময় দেয়ালের মুখে পড়ছে। সিদ্ধান্ত আপনাদের।’
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। ইরানের দাবি, এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এ পথে চলাচলের জন্য আগাম অনুমতি নিতে হয় এবং নিরাপদ যাতায়াতের জন্য কেবল নির্ধারিত উত্তরাঞ্চলীয় করিডর ব্যবহারের অনুমতি রয়েছে।
ইরান ওমানের জলসীমার কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় পথগুলোকে অননুমোদিত ঘোষণা করে সেখানে মাইন পেতে রেখেছে বলে দাবি করেছে। আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস বন্ধ করে ওই পথ দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলো মাইনে আঘাত পেয়েছে, বিস্ফোরিত হয়েছে এবং আগুনে পুড়েছে।
বাহিনীটি আরও জানিয়েছে, গোপনে এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে বাধা দেয়া বা নিষ্ক্রিয় করার অভিযান অব্যাহত রয়েছে। এসব জাহাজের মধ্যে ইসরায়েলি শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রের উৎসাহে পরিচালিত জাহাজও রয়েছে বলে দাবি তাদের।
আইআরজিসি নৌবাহিনীর বক্তব্য, ইরানের নিয়ম মেনে চলা জাহাজগুলোই কেবল নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে। অন্যদিকে আগ্রাসীদের স্বার্থে কাজ করা জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।