সৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর
ইয়েমেনের তাইজ ও লাহিজ প্রদেশের ১০টি জেলার ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেছেন।
তিনি বলেন, বড় ধরনের এক সামরিক অভিযানে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ১২টি ডিভিশনের অধীন ৬০টি ব্রিগেডকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এসব বাহিনীর নেতৃত্বে ছিলেন সৌদি কর্মকর্তা মুহাম্মদ তালাল আল-বালাওয়ি। অভিযানে শত শত সামরিক ও সাঁজোয়া যান ধ্বংস, অচল কিংবা জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। খবর প্রেস টিভির
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন বাহিনী যেসব এলাকা ব্যবহার করে বেসামরিক নাগরিক ও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালাত, সেগুলো নিরাপদ করাই ছিল অভিযানের লক্ষ্য।
ইয়েমেনের এই সামরিক কর্মকর্তা সৌদি সরকারের ১২ বছরের আগ্রাসন, অবরোধ ও নৃশংস অপরাধেরও নিন্দা জানান। এর মধ্যে ধুবাব জেলায় বন্দিদের ওপর নৃশংসতা এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নে কয়েক হাজার সেনা মোতায়েনের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দাদের উদ্দেশে জেনারেল সারি বলেন, এ অভিযান দক্ষিণ ইয়েমেনের জনগণের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি ভূখণ্ডের গভীরে সামরিক অভিযান চালিয়ে যাবে হুতি।
জেনারেল সারি আরও বলেন, কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সামুদ্রিক নৌ চলাচল এখন আরও নিরাপদ হয়েছে। ওই অঞ্চলে সৌদি আরবের সেনা সমাবেশের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযানের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।