রাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, নিহত আসফিয়ার বাবা আশরাফুল হক ইমন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। আর তার মা মেহেরুন্নেসা গৃহিণী। ঘটনার দিন বিকেলে বাসায় একা থাকা অবস্থায় মেহেরুন্নেসা শিশুটির গলা চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি নিজেই ফোন করে স্বজনদের বিষয়টি জানান এবং তাদের কাছে হত্যার দায় স্বীকার করেন বলে জানা গেছে।
এদিকে, কর্মস্থলে থাকা শিশুটির বাবা ফোনে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। পরে বাড়িওয়ালা ওই বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।