সেতুর প্রভাবে প্রস্থে বাড়ছে পদ্মা, বাড়ছে ভাঙনঝুঁকি
পদ্মা নদীর অস্বাভাবিক মরফোলজিক্যাল (রূপগত) পরিবর্তনে তীব্র ভাঙনঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর ভাটি এলাকা। সেতুর ‘সাইড ইফেক্টে’ নদীর মাদারীপুর-মুন্সিগঞ্জ অংশের কিছু জায়গা হঠাৎ তিন কিলোমিটার চওড়া হয়ে গেছে। নদীর স্রোত পদ্মা সেতুর নদীশাসন এলাকায় ধাক্কা খেয়ে মূলত তৈরি হয়েছে এ ভাঙনঝুঁকি।
মাদারীপুর-মুন্সিগঞ্জের কয়েকটি উপজেলার মানুষের সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে এ এলাকা সংস্কারে চলমান প্রকল্পের আওতায় আরও ৪৯ কোটি টাকা প্রয়োজন বলে জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো)। এজন্য সংশ্লিষ্ট বিভাগ পরিকল্পনা কমিশনে একটা প্রস্তাবও পাঠিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে বাপাউবোর পক্ষ থেকে ২০২৪ সালে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিনে যাচাই করে দেখতে পায়, পদ্মা নদীর বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এ স্থানে নকশা সংশোধন করে কাজ বাস্তবায়ন করা জরুরি। মাদারীপুরের শিবচরে অস্বাভাবিক নদীভাঙনও পদ্মা সেতুর প্রভাবে বলে দাবি সংশ্লিষ্টদের।
বাপাউবোর ‘পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টংগীবাড়ি উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ’ শীর্ষক চলমান প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রকল্পের আওতায় জরুরিভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
বাপাউবোর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতুর কারণে ভাটি এলাকায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। পদ্মা নদী প্রস্থে হয়ে গেছে তিন কিলোমিটার। পদ্মা সেতু এলাকার অবকাঠামোয় স্রোত আঘাত পেয়ে ভাটি এলাকায় এ সমস্যা দেখা গেছে। মুন্সিগঞ্জ জেলার কিছু উপজেলায় বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। সেজন্য দ্রুত সময়ে চলমান প্রকল্পের আওতায় নদীভাঙন রোধ করতে হবে।
বাপাউবো জানায়, পদ্মা নদীর অস্বাভাবিক মরফোলজিক্যাল পরিবর্তনের ফলে ভাঙনের পরিপ্রেক্ষিতে বাপাউবোর পক্ষ থেকে ২০২৪ সালে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিনে যাচাই করে দেখেছে, পদ্মা নদীর বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ওই স্থানে নকশা সংশোধন করে কাজ বাস্তবায়ন করা জরুরি। সংশোধিত নকশা অনুযায়ী প্রায় ১২০ ঘনমিটার জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং প্রয়োজন, যা সবশেষ অনুমোদিত প্রকল্পে ছিল মাত্র ৪০-৪৫ ঘনমিটার।
১২০ ঘনমিটার ডাম্পিং ম্যাটেরিয়াল হিসেবে প্রকল্প ব্যয় দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা, যা পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া সম্ভব নয়। এমতাবস্থায়, চলমান প্রকল্পের কাজ টেকসই করার লক্ষ্যে ন্যূনতম ২৫-৩০ ঘনমিটার অতিরিক্ত জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে চলমান কাজ শক্তিশালী করার সুপারিশ করে কারিগরি কমিটি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।