সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ
পঞ্চগড় সংবাদদাতা:
বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ওই পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দেয়া হয়।
তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বাসা বাড়ি ও পার্লারে কাজ করতো। ৪/৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে আসে। সেখানে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দেয়। বিজিবি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ৫ জনকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।