সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৩ দিন পর ফেরত
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ তিনদিন পর ফের দিয়েছে বিএসএফ। গত মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয় বলে জানায় তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস।
নিহত যুবকের নাম আল আমিন (৩৬)। তিনি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।
গত শনিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৪ এর সাব পিলার ৭ থেকে আনুমানিক ১৬০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় আল আমিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিজিবি ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আল আমিনসহ কয়েকজন ভারত থেকে গরু আনতে গিয়েছিলেন। শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দেয়।
এ সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আল আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
এ ঘটনায় মরদেহ ফেরত চেয়ে ও প্রতিবাদ জানাতে সোমবার বিজিবি এবং বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।