সিএনজি পাম্পে গ্যাসের সঙ্গে ৩০ ভাগ বাতাস ভরে দেয়ার অভিযোগ
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি সিএনজি পাম্পে গ্যাসের সঙ্গে বাতাস ভরে দিয়ে প্রতারণার অভিযোগে ফুঁসে উঠেছেন ড্রাইভার শ্রমিকরা। তাদের অভিযোগ, গ্যাসের সঙ্গে ৩০ ভাগ বাতাস দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিএনজি গ্যাস পাম্পের মালিকরা।
চালকদের অভিযোগ, শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ সড়কস্থ সখিনা সিএনজি ফিলিং স্টেশন ও উপজেলার মৌলভীবাজার সড়কস্থ কালাপুর মেরিগোল্ড ফিলিং স্টেশনের গ্যাস রিফিল করলে গ্যাসের সাথে বাতাস দিয়ে বছরের পর বছর ধরে প্রতারণা করে আসছে পাম্প দুটি।
শ্রীমঙ্গল কাালিঘাট রোড সিএনজি চালক সমতির সাধারণ সম্পাদক রুমন হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ তারা এ ধরনের প্রতারণার শিকার হয়ে আসছে। তিনি বলেন, বিগত সরকার দলের সাথে আতাত করে তারা ওজনে গ্যাস কম দিয়ে বাতাস ভরে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে আসছে। এতে গরিব সিএনজি চালকরা দিন শেষে খরচের টাকা রোজগার করতে পারেন না।
তিনি বলেন, প্রায় সময় শতকরা ৫০ ভাগ গ্যাস কম দেয়া হয়েছে।
মৌলভীবাজার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা খায়রুজ্জামান কামাল বলেন, দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্প থেকে চালকরা গ্যাস নিয়ে প্রতারণার শিকার হয়ে আসছেন। পাম্পে গ্যাস কম দেয়াতে চালকরা মালিকের কাছে চোর সাজতে হচ্ছে। তিনি বিষয়টি দ্রুত সমাধান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু তালেব জানান, তিনি পৃথক অভিযোগ পেয়েছেন, তবে শ্রীমঙ্গলে এটি পরীক্ষা করার কোন এক্সপার্ট টিম নেই। এর জন্য পেট্টোলিয়াম কপোর্রেশন বা সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।