সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! কোন গ্রেডে কত?
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। বর্তমান আর্থিক সংকট ও নির্বাচনী প্রস্তুতির চাপ বিবেচনায় এই সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো কার্যকর না হলেও সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হলো, তারা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাচ্ছেন। নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অর্থিক সুবিধাই তাদের মূল ভরসা হয়ে থাকবে।
অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সূত্রে জানা গেছে, সময়ের স্বল্পতা ও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতার কারণে এখনই নতুন পে স্কেল ঘোষণা করা হচ্ছে না। তবে কর্মচারীদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় মহার্ঘ ভাতার হার নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ১৫ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ২০ শতাংশ হারে এই ভাতা পেতে পারেন। বর্তমান অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক তৈরি করে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে, যাতে তারা ক্ষমতায় এসেই এটি বাস্তবায়ন করতে পারে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উভয়েই স্পষ্ট করেছেন যে, নির্বাচনের আগে তড়িঘড়ি করে পে স্কেল ঘোষণা করা রাষ্ট্রীয় অর্থনীতির জন্য যুক্তিযুক্ত হবে না। তবে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিশন কেবল বেতন বৃদ্ধি নয়, বরং আবাসন, শিক্ষা এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দামকে সূচক হিসেবে ধরে একটি সময়োপযোগী সুপারিশমালা তৈরি করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।