‘সন্তানদের জবাবদিহি না করায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে’
সন্তানদের খোঁজ-খবর নিতে হবে। কোথায় যাচ্ছে? কী করছে? কখন ফিরছে? সবই খোঁজ রাখতে হবে।
সন্তানদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এসব না করার কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। কিশোর গ্যাং তৈরিতে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংদের সমাজের মূল গ্রোতে আনা হবে। আর যদি কেউ না আসে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক এ কথা বলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিষয়ে কেএমপি কমিশনার বলেন, মাদক বিশ্বব্যাপী একটি সমস্যা। আমাদের দেশেও ভয়াবহ রূপ নিয়েছে। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও একই অবস্থা। শুধু নিম্নবিত্ত নয়, উচ্চবিত্তসহ সব সেক্টরে মাদকের করাল গ্রাস রয়েছে। মাদক ব্যবসা করে অনেকে ফুলে ফেঁপে যাচ্ছে। এমন রাঘব-বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা হবে। দৃঢ় কণ্ঠে বলতে চাই কোনো পুলিশ সদস্য যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদকের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও একই আইনে ব্যবস্থা নেওয়া হবে। সর্ষের মধ্যে ভূত থাকলে চলবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।