সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, আলোচনা চলমান থাকায় সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদ জানান, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।
সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।