শ্রমিক হত্যা গণঅভ্যুত্থানের আকাঙ্খার বিরোধী -গণতান্ত্রিক অধিকার কমিটি
শিল্পাঞ্চল আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় গত সোমবার যৌথবাহিনীর গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
গত বুধবার কমিটির পক্ষ থেকে অধ্যাপক আনু মুহাম্মদের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার আশুলিয়ায় যৌথবাহিনীর সদস্যদের গুলিতে শ্রমিক কাউসার খান নিহত হয়েছেন এবং আরও চার শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন। গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, আমরা দেখেছি ২০২৩ সালে গার্মেন্টস শ্রমিকরা ২৫ হাজার টাকা ন্যুনতম মজুরির দাবিতে আন্দোলন গড়ে তোলেন এবং এর ফলে তাদের ওপর নেমে এসেছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদের খড়গ। সে সময় চারজন শ্রমিককে হত্যা করে আওয়ামী সরকার। পরে মামলা, ছাটাই, নানা ভয়ভীতি দেখিয়ে জোর করে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে কারখানায় পাঠায় শ্রমিকদের।
জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে গার্মেন্টস শ্রমিকদের সংগ্রামের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আন্দোলনে আশুলিয়ায় প্রায় ৪৬ জন গার্মেন্টস শ্রমিক শহীদ হন। তারা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাই পরিবারগুলোও হুমকির মুখে পড়ে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে গার্মেন্টস শ্রমিকরা বন্ধ কল-কারখানা খুলে দেওয়া, বকেয়া ও মজুরির দাবি আদায়ে আন্দোলন শুরু করে। সরকার এ আন্দোলনকে 'বহিরাগতের উসকানি', 'প্রতিবিপ্লবী' ট্যাগ লাগিয়ে নস্যাৎ করতে চেয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকের বাস্তবসম্মত দাবিগুলোকে এড়িয়ে গিয়ে শ্রমিকের আন্দোলনকে দমন করতে নানা পদক্ষেপ নিচ্ছে। শ্রম মন্ত্রণালয় মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে দফায় দফায় মিটিং করছে এবং কিছু চুক্তিনামাও তারা প্রচার করেছে। কিন্তু বাস্তবে আন্দোলনরত শ্রমিকদের দায়দায়িত্ব তারা নিচ্ছে না। বরং শ্রমিক হত্যার মধ্য দিয়ে এবং শ্রমিক আন্দোলনকে সন্ত্রাসী কর্মকা- বলার মাধ্যমে তারা শ্রমিকবিরোধী অবস্থান নিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।