‘শ্রমিক প্রতিনিধিদের নাম পেলে দুই দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট’
নিজস্ব প্রতিবেদক:
গামেন্টস শিল্প সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর দুই দিনের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ড বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'মজুরি বোর্ড গঠনের বিষয়ে সরকার ও মালিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়া গেছে। এখন শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নামের অপেক্ষায় রয়েছে সরকার।' শ্রমিক নেতৃবৃন্দকে আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনা করে তাদের প্রতিনিধি মনোনীত করার আহ্বান জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, 'শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর সরকারি ছুটি না থাকলে পরবর্তী দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।'
শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে মালিকপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যেসব কারখানায় শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে, সেসব কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মজুরি পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।'
শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'কোনো কারখানায় সমস্যা হলে তা সংশ্লিষ্ট কারখানার মধ্যেই সমাধানের চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠন, মালিকপক্ষের সংগঠন ও সরকার সহযোগিতা করবে।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।