‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
আবু বাকের মজুমদার বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। এর মূল উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ। জাতীয় নিরাপত্তার জন্যও কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র আন্দোলনে যারা হত্যার সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে সমন্বয়করা সারা দেশে বিভাগীয় ও জেলাভিত্তিক সফর শুরু করবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ জন-ঐক্য তৈরি করার লক্ষ্যে এই সফর। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ।’
তিনি বলেন, ‘সমন্বয়ক পরিচয়ে যেসব অন্যায় করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা করেছেন তারা আমাদের লোক না।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।