শতকোটি টাকার বিনিয়োগ, হতাশায় আমদানিকারকরা
সারা দেশের এই বৃহৎ পরিমাণের পুরোনো কাপড়ের চাহিদা মেটানো হয় চট্টগ্রাম থেকে। জাপান, কোরিয়া, চীন ও তাইওয়ান থেকে মূলত আমদানি করা হয় এই কাপড়। বন্দর থেকে সরাসরি খালাস শেষে এসব কাপড় আসে চট্টগ্রামের খাতুনগঞ্জে। সেখান থেকেই পাঠানো হয় সারাদেশে। গত বছর এই বাজার ছিল প্রায় হাজার কোটি টাকার। কিন্তু এবার নানা ইস্যুর কারণে ছোট হয়েছে এই বিনিয়োগ। এবার সর্বোচ্চ শতকোটি টাকা ছুঁয়েছে এই খাতে বিনিয়োগ। কিন্তু তারপরও হতাশ ব্যবসায়ীরা। তারা বলছেন, শীত মৌসুম শুরু হলেও পর্যাপ্ত পরিমাণে বেচা-বিক্রি নেই তাদের। পাইকারির বাইরে নগরের বিভিন্ন ফুটপাতগুলোতেও দোকানি থাকলেও পর্যাপ্ত ক্রেতা নেই। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিলামে কেনা পুরোনো কাপড় চট্টগ্রাম বন্দর হয়ে আসে খাতুনগঞ্জের কয়েকটি মার্কেটে। এই কাপড়ের আমদানিকারক আছেন প্রায় ৫০ জন। এই ব্যবসার সঙ্গে সারা দেশে প্রায় ১০ লাখ পাইকারি ও খুচরা বিক্রেতা জড়িত। খাতুনগঞ্জে পুরাতন শীতের কাপড়ের পাইকারি দোকান রয়েছে শতাধিক।
বাংলাদেশ পুরোনো কাপড় আমদানিকারক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, আগে সরকার পাঁচ হাজার আমদানিকারককে অনুমতি দিয়েছিল। এখন সেটা নেমেছে তিন হাজারে। আর শর্তে দেওয়া হয়েছে, সর্বোচ্চ ১৪ টন আর ৫০ হাজার টাকার বেশি কাপড় আমদানি করা যাবে না। এরপরও এ বছর গত বছরের তুলনায় অর্ধকোটি টাকার বেশি পুরোনো কাপড় আমদানি হয়েছে। তবে আমদানির তুলনায় বিক্রি নেই।
শাহ আমানত এন্ট্রারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল এমি জানান, নভেম্বর থেকে এসব পুরোনো কাপড়ের বেল বিক্রি জমে ওঠার কথা। অথচ ডিসেম্বর মাস শেষ করে এখন জানুয়ারি ঢুকছে। এখনও আশানুরূপ ক্রেতার দেখা নেই। গত বছর প্রতিদিন ৪০-৪৫টি বেল বিক্রি হলেও এ বছর সেটা ১৫-২০টিতে নেমেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।