রোডমার্চ শেষ হবে সেদিন, যেদিন সরকারের পতন ঘটাতে পারব
ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর থেকে এই রোডমার্চ শুরু হলো। এই রোডমার্চ শেষ হবে সেদিন, যেদিন আমরা এই সরকারের পতন ঘটাতে পারব। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশে ‘তারুণ্যের রোডমার্চ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, রংপুরের ঐতিহ্য আছে। সেটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। এই রংপুরে ব্রিটিশ আমলে তেভাগা আন্দোলন হয়েছে। রংপুরের কৃতী সন্তান নুরুলদীন ডাক দিয়েছিল ‘জাগো বাহে কোনঠে সবায়। তিনি আরও বলেন, রংপুর থেকে হাজারো তরুণ বাংলাদেশের মানুষকে ডাক দিচ্ছে, এই ভয়াবহ একনায়কতন্ত্র, স্বৈরাচার, লুটেরা দলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। আজকে এই রংপুর থেকেই রোডমার্চের ঘোষণা দেওয়া হচ্ছে এই সরকারের পতনের।
ফখরুল বলেন, এই আওয়ামী লীগের সরকার নানা ছলা কৌশল করে জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্রকে নির্বাসিত করার চেষ্টা করে যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ অসহায় অতিষ্ঠ হয়ে গেছে দ্রব্যমূল্য নিয়ে। চালের দাম, তেলের দাম, লবণের দাম-সবকিছুর দাম বেড়ে গেছে। বিদ্যুতের দামও বেড়েছে অনেক। কিন্তু বিদ্যুৎ মানুষে পায় না। লোডশেডিং হতেই আছে। কৃষিকাজের সেচ দিতে পারে না।
এই সরকার নিজেরা দুর্নীতির পাহাড় তৈরি করেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাই আজকে অর্থনীতি ক্রমান্বয়ে নিচের দিকে নেমে গেছে। রিজার্ভ কমে যাচ্ছে। এ জন্য অর্থনীতির চাকা ঘুরছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।