রোজার আগেই নির্বাচন দেয়ার অনুরোধ ফারুকের
নিজস্ব প্রতিবেদক:
আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসকে নজির স্থাপনের অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
গতকাল জুমুয়াবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অনুরোধ জানান তিনি।
ফারুক বলেন, রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়।
তিনি আরও বলেন, এরশাদ সরকারের পতনের পর বিচারক শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাই।
সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি ও দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, এটা স্পষ্ট।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।