রেমিট্যান্স বাড়ায় রিজার্ভ নিয়ে শঙ্কা কেটেছে
দেশে ঘটনাবহুল আগস্ট মাসের শুরুতে রেমিট্যান্স সংগ্রহ তলানিতে নামলেও মাসের শেষের দিকে ঊর্ধ্বমুখী হয়েছে। যার ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ৩১ কোটি ডলার। আগস্টে প্রতিদিন গড়ে ৭.৬৬ কোটি ডলার আসায় মাস শেষে রেমিট্যান্স দাঁড়িয়েছে ২২২ কোটি ১৪ লাখ ডলার। জুলাই মাসে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। এদিকে রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে রেমিট্যান্স সংগ্রহ স্বাভাবিক ছিল না। এ সময় ব্যাংকিং কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। অপর দিকে প্রবাসীদের একটা বড় অংশ রেমিট্যান্স না পাঠানোর ঘোষণা দেয়। যার প্রভাবে জুলাইতে রেমিট্যান্সে ধাক্কা লাগে, যা ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত চলমান ছিল। এতে রেমিট্যান্সে বড় ধাক্ক লাগে। আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স আসা তলানিতে নেমে গিয়েছিল। কিন্তু অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পরে পর্যায়ক্রমে বাড়তে শুরু করে রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে আগামী দুই-তিন মাসে রেমিট্যান্স সংগ্রহ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, এপ্রিল মাস থেকে টানা তিন মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। তবে জুলাইয়ে কিছুটা কমে যায়। মূলত ব্যাংক ঠিকমতো চালু ছিল না। আবার প্রবাসীদের একটা অংশ ঘোষণা দিয়ে রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকে। তবে সম্প্রতি ব্যাপক হারে রেমিট্যান্স আসছে। এতে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।