রুশ-ভারতের সাহায্য নিয়েও সরকারের পতন ঠেকানো যাবে না -১২ দলীয় জোট
আগামী জাতীয় নির্বাচনে রুশ-ভারতের সাহায্য নিয়েও এবার আওয়ামী লীগ সরকারের পতন ঠেকানো যাবে না এমন হুশিয়ারী দিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচন ও আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভয়ংকর এক খেলায় মেতে উঠেছে। তবে শেখ হাসিনার সব খেলার পরাজয় ঘটিয়ে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পূণরুদ্ধারের বিজয় ছিনিয়ে আনবে। ইনশাআল্লাহ
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবীতে অবরোধ সমর্থনে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কাকরাইল ঘুরে পল্টন মোড় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এখন নিজেদের শেষ রক্ষার জন্য সরকারের এমপি -মন্ত্রীরা সকাল- বিকাল দুইরকম কথা বলে এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপি -১২ দলীয় জোটসহ সরকার বিরোধী অন্যান্য দলগুলোকে নির্বাচনে আনার জন্য নতুন কৌশল নিচ্ছে। তবে দেশের জনগণ এই সরকারের পাতানো নির্বাচনে যাবেনা।
জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার সারাদেশকে বন্দি করে রেখেছে। জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকনকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সুতরাং দেশ রক্ষায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, যারা ভিনদেশী অপশক্তির উপর দাঁড়িয়ে আবারও ক্ষমতায় টিকে থাকতে চায় তারা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার শত্রু। যারা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। এবার তাদের প্রতিহত করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।