রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশ থেকে ১ বিলিয়ন ডলার পাচার
চার বছরের বিরতির পর ২০২২ সালের আগস্ট থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ যখন শুরু হয়, তখন দুই দেশের সম্মতিতে প্রতিটি নিয়োগ বাবদ প্রত্যেক কর্মীর জন্য খরচ নির্ধারণ হয় ৭৮ হাজার ৯৯০ টাকা।
কিন্তু, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ভেরিটের একটি সমীক্ষার তথ্য অনুযায়ী, মালয়েশিয়া যেতে প্রত্যেক কর্মীকে ৫ লাখ ৪৪ হাজার টাকা বা ৫ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়েছে।
গত ২৮ মার্চ জাতিসংঘের চারজন বিশেষজ্ঞ বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অবস্থা উল্লেখ করে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা বলেছেন, প্রত্যক কর্মীকে সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার ডলার খরচ করতে হয়েছে।
মালয়েশিয়ায় কর্মরত কয়েকজন প্রবাসী কর্মীর সঙ্গে আলাপকালে জানিয়েছেন যে, তারা ৫ লাখ টাকার বেশি খরচ করে মালয়েশিয়া গেছেন।
কর্মী নিয়োগের বিষয়ে ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়া একটি সমঝোতা স্মারকে সই করে। সেখানে বলা হয়েছিল, একজন কর্মীকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন, কল্যাণ, বীমা, পরিচয়পত্র, অভিবাসন ছাড়পত্র, পোশাক ও নিয়োগ সংস্থার ফিয়ের জন্য ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি খরচ করতে হবে না।
কর্মীদের প্লেনের টিকিট, ভিসা, সিকিউরিটি ডিপোজিট, ইনস্যুরেন্স, মেডিকেল টেস্ট, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ডকুমেন্ট অ্যাটেস্টেশন এবং মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্টের ফি দেওয়ার কথা মালয়েশিয়ার নিয়োগকর্তাদের।
এ খাত সংশ্লিষ্টরা ও গবেষকরা বলছেন, মালয়েশিয়ার বাছাইকৃত ১০০ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেট এমন একচেটিয়া অবস্থার সৃষ্টি করেছিল যার কারণে কর্মীদের ব্যয় ব্যাপক হারে বেড়ে যায়।
জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যুগ্ম মহাসচিব-১ মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, 'শক্তিশালী এই সিন্ডিকেটের কার্যক্রমে ভয়াবহ অনিয়ম পেয়ে মালয়েশিয়া ২০১৮ সালে এবং এ বছর কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।