রামবুটান চাষে ভাগ্য বদল প্রবাসফেরত আফজাল শেখের
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের আফজাল শেখ (৩৬)। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বিদেশি সুস্বাদু ফল ‘রামবুটান’ চাষ করে সাফল্যের গল্প রচনা করেছেন তিনি। এই যুবক এখন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত মুখ।
২০১৮ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আফজাল শেখ। সেখানে রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তবে, ভাগ্যের চাকা ঘোরাতে পারছিলেন না। প্রতিদিনের নিরন্তর পরিশ্রমের পরও আর্থিক উন্নতি হচ্ছিল না।
প্রবাসজীবনের সেই অস্থির সময়ে বিদেশি এই লালচে রঙের লোমশ খোসার সুস্বাদু ফলের প্রতি আগ্রহ জন্মায় তার। একসময় সিদ্ধান্ত নেন, দেশে ফিরে নতুন করে জীবন শুরু করবেন। ২০১৮ সালের শেষদিকে দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র চারটি রামবুটানের চারা গাছ।
গ্রামের বাড়ির আঙিনায় চারা চারটি রোপণ করেন। একটি গাছ মারা যায়। সংসারের চাকা সচল রাখতে দেশেও রংমিস্ত্রির কাজ শুরু করেন। এ ব্যস্ততার মধ্যে গাছগুলোর যতœ নিতে ভুলেননি। দিন পেরোতে থাকে, গাছও ধীরে ধীরে বেড়ে ওঠে।
প্রথম দুই-তিন বছর গাছগুলোতে তেমন ফলন হয়নি। তবে, হাল ছাড়েননি আফজাল। স্থানীয় কৃষি অফিস, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অভিজ্ঞ কৃষি উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাদের পরামর্শ অনুসারে গাছের যতেœ মন দেন। নিয়মিত সার প্রয়োগ, পানি দেওয়া এবং গাছের পরিচর্যা অব্যাহত রাখেন।
সাফল্যও আসতে শুরু করে। প্রথমে অল্প ফল আসলেও সময়ের সঙ্গে সঙ্গে ফলন বাড়তে থাকে। ২০২৪ সালে তার তিনটি গাছে বাম্পার ফলন হয়। এখন প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে রামবুটান বিক্রি হচ্ছে। শুধু স্থানীয় খুচরা ক্রেতাই নন, পাইকাররাও ভিড় করছেন তার বাড়িতে।
রামবুটান বিক্রি থেকে বছরে প্রায় ৫ লাখ টাকা আয় করছেন আফজাল শেখ। তবে, এখানেই শেষ নয়। তার বাগান থেকে উৎপাদিত চারা গাছও বিক্রি হচ্ছে। স্থানীয় অনেক কৃষক ও তরুণ উদ্যোক্তা তার কাছ থেকে চারা সংগ্রহ করে রামবুটান চাষ শুরু করেছেন। আফজাল শেখ এখন শুধু রংমিস্ত্রি নন, সফল কৃষি উদ্যোক্তা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।