রাজনীতি নিষিদ্ধের ক্ষমতা বুয়েট কর্তৃপক্ষের নেই : রিটকারী আইনজীবী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, বুয়েট কর্তৃপক্ষ মিছিল-মিটিং করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে কোনো সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষমতা তাদের নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক খসরুজ্জামান ও বিচারক কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে শুনানিতে তিনি এসব কথা বলেন।
পরে আইনজীবী শাহ মঞ্জরুল হক সাংবাদিকদের বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকা-ের পর ২০১৯ সালের অক্টোবরে বুয়েট কর্তৃপক্ষ একটি জরুরি নোটিশ জারি করে। নোটিশে ছাত্র সংগঠন ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
তিনি বলেন, আমরা আদালতে বলেছি, বুয়েটের এ সিদ্ধান্ত দেশের সংবিধানের ৩৭, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদের পরিপন্থি। সমাবেশ করার, রাজনৈতিক দল করার ও বাকস্বাধীনতার অধিকার আমাদের মৌলিক অধিকার। তবে বুয়েটের অর্ডিন্যান্স ১৯৬১-এ ভিসি এবং প্রো-ভিসিকে একটা ক্ষমতা দেওয়া আছে, ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবেন। এর ফলে তারা মিছিল-মিটিং করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করতে পারবেন। তবে কোনো সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষমতা তাদের নেই।
শাহ মঞ্জরুল হক বলেন, আদালত আমাদের বক্তব্য শুনে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জরুরি ভিত্তিতে জারি করা নোটিশ স্থগিত করে দিয়েছে এবং এই নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ আদেশের ফলে বুয়েটে ছাত্ররাজনীতি করতে আর কোনো বাধা রইল না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।