রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা -সালমান এফ রহমান
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, দেশে এখন ডলারের কোনো সংকট নেই। আসছে রমজানে কোন অসৎ ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল জুমুয়াবার রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোন সংকট নেই।
রেটটা বেশি আছে, সেটাও নিয়ে আমার ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।’
আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংসদে আমার খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যে উনি সারাদেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদেরকে উনি নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, ‘রমজানের আগে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়।
আমি আপনাদের আশ^স্ত করতে চাই, এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালভাবেই কাটাব। কোন সমস্যা হবে না। দোকানদাররা পণ্য যদি মজুতও করে, তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে তাহলে তো তার লোকসান হয়ে যাবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পরে সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোন সমস্যা হবে না।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।