রডের পরিবর্তে সুপারি গাছ দিয়ে ব্রিজের স্লাব তৈরি!
পিরোজপুর সংবাদদাতা:
পিরোজপুরের কাউখালীতে ব্রিজ মেরামত কাজের স্লাব তৈরিতে রডের পরিবর্তে সুপারি গাছের চটা ব্যবহার করা হয়েছে। কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গোসনতারা গ্রামের নূরুল ইসলামের বাড়ির সামনে ব্রিজ মেরামতের কাজে ওই চটা ব্যবহার করা হয়।
সরেজমিনে দেখা যায়, ওই ব্রিজের তিনটি স্লাব ভেঙে গেছে। প্রতিটি স্লাবে রডের পরিবর্তে পাঁচটি করে সুপারি গাছের চটা দিয়ে স্লাব ঢালাই করা হয়েছে। ব্রিজের প্রায় সবগুলো স্লাবই ফেটে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীন এডিপির আওতায় কাউখালী ইউনিয়নে ছয়টি উন্নয়ন কাজের একটি হলো ওই ব্রিজ মেরামত কাজ। মেসার্স হালিমা এন্টারপ্রাইজের মালিক লাভলু খান ওই ব্রিজ মেরামতের কাজ করেন। কার্যাদেশ মোতাবেক ২০২২ সালের ২০ জুন কাজ শেষ করা হয়।
এলাকার বাসিন্দা আব্দুল লতিফসহ উপস্থিত এলাকাবাসী জানান, ঠিকাদার তার নিজের এলাকায় বসে স্লাব তৈরি করে নিয়ে এসে ব্রিজে একদিনের মধ্যে স্থাপন করে চলে গেছেন। কাজ করে যাওয়ার পর থেকেই স্লাবগুলোতে ফাঁটল দেখা দেয়। তিন দিন আগে তিনটি স্লাব ভেঙে পড়ার পর ভেতরে সুপারি গাছের চটা দেখে হতবাক এলাকাবাসী। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সরেজমিনে পরিদর্শন করেন।
এ বিষয়ে মেসার্স হালিমা এন্টারপ্রাইজের মালিক লাভলু খান জানান, এক দেড় বছর আগের ঘটনা তা এখন কী বলব। তিনি নিজে কাজ করেননি। ওই কাজ এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তিনি প্রশ্ন রাখেন স্লাব যখন ঢালাই দেয় তখন উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধিরা দেখেননি কেন। এখন সমস্যার কথা বললে হবে কিভাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।