যুক্তরাজ্যে গেলেন ফখরুল, বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে
নিজস্ব প্রতিবেদক:
১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি২০৮) গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল আটটার দিকে স্ত্রী রাহাত আরা বেগমসহ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপি’র মিডিয়াসেল সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানকালে রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন বিএনপি মহাসচিব। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
এদিকে লন্ডনে মির্জা ফখরুলের সফর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় রয়েল রিজেন্সিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তার লন্ডন যাওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।