যানজট-জনজটে দিনভর স্থবির রাজধানীর গুলিস্তান-পল্টন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে গত চার দিন ধরে মনোনয়নপ্রত্যাশী, দলীয় নেতাকর্মীরা ঢাকায় ভিড় করছেন। মনোনয়নপ্রত্যাশীরা শত শত কর্মী নিয়ে শোডাউন দিয়ে মনোনয়ন ফরম কেনেন এবং জমা দেন।
এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দিনভর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিস ঘিরে বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। যানজট আর জনজটে গুলিস্তান-পল্টন-মতিঝিল এলাকা অনেকটাই স্থবির হয়ে পড়ে।
ট্রাফিক পুলিশের সদস্য এবং এই এলাকায় চলাচলকারীরা বলছেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় ছিল। আর সড়কের পাশে গাড়ি পার্ক করে রাখার কারণেই এ যানজট।
কয়েকজন মনোনয়ন প্রত্যাশী এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়ন যাতে নিশ্চিত হয়, সেজন্য সবাই চেষ্টা করেন কর্মীদের নিয়ে এসে বড় শোডাউন দেখাতে।
এদিকে যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতাও বেড়েছে। মঙ্গলবার বিকেলে মৎস্য ভবন মোড়, প্রেস ক্লাব এলাকা, সচিবালয়, জিপিও, ফুলবাড়িয়া, বংশাল এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা যায়। তবে যানজট সামলাতে তারাও অনেকটা হিমশিম খাচ্ছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।