মিথ্যা অভিযোগে কৃষকের গরু নিলামে বিক্রির অভিযোগ
নেত্রকোণা সংবাদদাতা:
কেন্দুয়ায় মিথ্যা অভিযোগে এক কৃষকের গরু জব্দ করে নিলামে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, গরুটি ষাঁড়ের লড়াইয়ে অংশ নেয়ায় জব্দ করা হয়েছিল। কিন্তু জব্দের মাত্র ২ ঘণ্টার মধ্যে পশুটি নিলামে তোলায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গরুর মালিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
গত ২৮শে অক্টোবর কেন্দুয়ার রামপুর বাজারের ব্যবসায়ী হাদীস মিয়ার গোয়াল ঘর থেকে জুয়ার লড়াইয়ে অংশ নেয়ার অভিযোগে পুলিশ একটি ষাঁড় জব্দ করে। ওই দিনই গরুটি নিলামে ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।
তবে গরুর মালিক সিরাজুল ইসলামের দাবি, তিনি বিক্রির জন্য গরুটি হাদীস মিয়ার গোয়াল ঘরে রেখেছিলেন। পুলিশ মিথ্যা অভিযোগ তুলে সেটি ধরে নিয়ে যায়। স্থানীয়রাও সিরাজুল ইসলামের কথার সাথে একমত পোষণ করেছেন।
তবে পুলিশ এবং ওই গরু সম্পর্কে তথ্য দেয়া ব্যক্তি (তেলগাতী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম) দাবি করেছেন, ষাঁড়টি লড়াইয়ে অংশ নিয়েছিল। নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদও একই দাবি করেন।
কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতেই গরুটি নিলামে তোলা হয়। এলাকাবাসীর প্রত্যাশা, এই ঘটনার সঠিক তদন্ত করে অভিযোগ প্রমাণিত না হলে গরুটি যেন মালিককে ফিরিয়ে দেয়া হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।