মায়ের ডাকের মানববন্ধন: ‘আমার কষ্ট হয়, বাবাকে ফিরিয়ে দাও’
‘আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা আসে না। বাবা গুম হয়েছে। আমার কষ্ট হয়’। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাক-এর উদ্যোগে গুম হওয়াদের স্বজনদের মানববন্ধনে আরোয়া এই কথাগুলো বলেন।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধায় মানবপ্রাচীর কর্মসূচি পালন করতে পারেনি বলে জানিয়েছেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।
তবে পুলিশ বলছে, শাহবাগ ক্রসিংয়ে বসে পড়লে যানজট তৈরি হওয়ার আশঙ্কায় তাদের দাঁড়াতে দেওয়া হয়নি। তারা স্বেচ্ছায় প্রেসক্লাবের সামনে চলে গেছে। জোর করে সরিয়ে দেওয়া হয়নি।
মানববন্ধনে নিউমার্কেট সূত্রাপুর থানা ছাত্রদল এর নিখোঁজ নেতার বোন মুন্নী বলেন, আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম। সরকার কেন আমাদের ভয় পাচ্ছেন। কেন আমাদের টেনে হিঁচড়ে বের করে দিয়েছেন।
বংশাল থানা ছাত্রদলের সভাপতি পারভেজের স্ত্রী ফারজানা আক্তার বলেন, ১০ বছর ধরে রাস্তায় রাস্তায় স্বামীকে খুঁজে বেড়াচ্ছি। আমার বাচ্চাকে কেন শাহবাগে গাড়ি থেকে নামতে দেয়া হয়নি।
বিএনপি নেতা ও ড্রাইভার কাওসারের মেয়ে লামিয়া আক্তার মিম বলে, ১১ বছর আমি আমার বাবাকে দেখি না। বাবাকে ফেরত চাই। তার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে চাই। শিশু মিমি বলেন, আমি বলতে বলতে ক্লান্ত। আমি আমার পাপাকে ফেরত চাই। আমার পাপাকে ফেরত দিন।
সোহেলের মেয়ে সাফা বলেন, ১০ বছর ধরে আমি আমার বাবাকে দেখিনি। বাবা বলে ডাকতে পারি না। সরকারের কাছে একটিই আবেদন আমার বাবাকে ফিরিয়ে দিন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।