মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাথর উত্তোলনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিবাদ জানানোয় এবং নিরাপত্তার স্বার্থে বিজিবির বিধিনিষেধের কারণে সংকটে পড়েছেন নদীপাড়ের পাথর শ্রমিকরা।
স্থানীয়দের দাবি, তেঁতুলিয়ায় পাথর সংগ্রহই অনেক পরিবারের প্রধান জীবিকার উৎস। মহানন্দার ঠান্ডা পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীর ডুবিয়ে লম্বা লোহার রড, মোটরসাইকেলের টিউব, ঢাকি ও পাথর চালনি নিয়ে পাথর সংগ্রহ করেন শ্রমিকরা। পরে এসব পাথর বাছাই করে গাড়িতে লোড করে বিক্রি করা হয়। এ আয় দিয়েই চলে তাদের সংসার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পুরোনো বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সীমান্ত এলাকায় মহানন্দা নদী প্রবাহিত হয়েছে। নদীর একটি অংশ ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত। দীর্ঘদিন ধরে নদীর উভয় অংশে স্থানীয় মানুষ পাথর সংগ্রহ করে আসছেন।
তবে সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ পুশইনসহ বিভিন্ন ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নদী থেকে পাথর উত্তোলনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জিরো লাইন অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে গিয়ে পাথর সংগ্রহ বন্ধে বিজিবি ও বিএসএফ নজরদারি বাড়িয়েছে।
বিজিবি বলছে, সীমান্ত নদীর উভয় পাশে গভীরভাবে পাথর উত্তোলনের কারণে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে। এতে সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি দুদেশের আবাদি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিবির তথ্য অনুযায়ী, এরই মধ্যে সীমান্তের বিভিন্ন এলাকায় ১৯২টি সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হয়েছে।
এ দিকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাথর উত্তোলন বন্ধ না হলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএসএফ। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে জিরো লাইন অতিক্রম করে পাথর সংগ্রহ না করার জন্য স্থানীয়দের সতর্ক করেছে বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কায়েস আহমেদ বলেন, তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাথর উত্তোলনের কাজে বিভিন্ন পর্যায়ে ১০ থেকে ১৫ হাজার মানুষ জড়িত। তারা অনেক সময় প্রচলিত আইন-কানুন না মেনে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে নদীর তীর থেকে পাথর সংগ্রহ করেন। এতে নদীর দুপাশের ভাঙন বাড়ছে এবং সীমান্ত পিলারসহ দুদেশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকেও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।
তবে স্থানীয়দের দাবি, পাথর উত্তোলন বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় তাদের সামনে বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই। ফলে অনেকেই জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নদীতে পাথর সংগ্রহ করছেন।
মহানন্দা নদীর পাথর শ্রমিক আবুল হোসেন বলেন, ‘আমার পরিবারে মা-বাবাসহ সাতজন সদস্য। দুই ছেলেকে নিয়ে নদীর পাথর তুলে যে আয় হয়, তা দিয়েই সংসার চলে। এখন পাথর সংগ্রহ সীমিত করে দেয়া হয়েছে। আমরা কীভাবে চলব? জীবনের ঝুঁকি নিয়ে বিজিবির চোখ এড়িয়ে পাথর তুলতে হচ্ছে।’
বুড়িমুটকি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘৩০ বছর ধরে এই নদী থেকে পাথর সংগ্রহ করে জীবন চালাচ্ছি। আমার বাবা-দাদারাও এই নদী থেকে পাথর সংগ্রহ করেছেন। এখন এটি বন্ধ হয়ে গেলে আমরা কীভাবে চলব, কী খাব—সেটিই বুঝতে পারছি না।’
তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শাহীন বলেন, এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় বড় একটি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নদীর পাথর উত্তোলনের সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে। এসব মানুষকে বিকল্প কর্মসংস্থানে যুক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে। আপাতত সীমিত আকারে পাথর সংগ্রহের বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করা হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পাথর উত্তোলন স্থানীয় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। আইনবহির্ভূত কোনো কাজ করা যাবে না। কর্মহীন মানুষের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব মানুষকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে।
পঞ্চগড় ভজনপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কৃষিকাজের জন্য পুরোপুরি অনুকূল নয়। ফলে বৃহৎ একটি জনগোষ্ঠী জীবিকা হিসেবে পাথর সংগ্রহকে বেছে নিয়েছে। এসব মানুষের কর্মসংস্থানের জন্য এলাকায় শিল্প-কারখানা গড়ে তোলা প্রয়োজন। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে শুধু পাথর উত্তোলন বন্ধ করলে সাধারণ মানুষ আরও সংকটে পড়বে।
স্থানীয় প্রশাসন ও বিজিবি বলছে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চলছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পাথরনির্ভর মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করা গেলে একদিকে যেমন সীমান্তে অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমানো সম্ভব হবে, অন্যদিকে দীর্ঘদিনের এই পেশার সঙ্গে যুক্ত হাজারও মানুষের জীবিকার সংকটও কিছুটা কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












