ভোটের দিন নাশকতাকারীদের পরিকল্পনা জেনে গেছে পুলিশ -আইজিপি
৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাশকতাকারীদের পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী জেনে গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেছেন, নাশকতাকারীরা নির্বাচনের দিন বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছিল।
গতকাল জুমুয়াবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইজিপি বলেন, নাশকতাকারীরা পরিকল্পনা করেছিল বিকট শব্দে আওয়াজ কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি সঞ্চার করার। তাদের সেই পরিকল্পনার তথ্য আমরা পেয়েছি এবং সে অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। আশা করি এ ধরনের ভীতির সঞ্চার তারা করতে পারবে না।
নাশকতার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ নাশকতা করতে পারবে না। দু-একটা জায়গায় চোরাগোপ্তা কিছু করতে পারে। এর বেশি কিছু নয়।
বিগত নির্বাচনগুলোতে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন ‘গুজব’ ছড়ানো হয়েছে। ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এবারের নির্বাচন ঘিরে এ ধরনের গুজব ঠেকাতে পুলিশ কী ভূমিকা রাখবে? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।